রূপগঞ্জে দিপু ভূঁইয়ার উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৪ হাজার মানুষ
রূপগঞ্জে দিপু ভূঁইয়ার উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেলেন ৪ হাজার মানুষ
মোঃ রাশেদুল ইসলাম , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নির্বাচনী প্রচারণার পাশাপাশি জনসেবায় অনন্য নজির গড়লেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তাঁর বিশেষ উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪ সহস্রাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ৫২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ক্যাম্পে আগত রোগীদের শুধু চিকিৎসাপত্রই নয়, বরং প্রয়োজনীয় ওষুধ এবং বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষাও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “রূপগঞ্জবাসীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমার অন্যতম লক্ষ্য। আজ ২০টি হাসপাতালের সার্বিক সহায়তায় এই মহতী উদ্যোগ সফল হয়েছে। আমরা কেবল রাজনীতির জন্য রাজনীতি করি না, মানুষের বিপদে পাশে থাকাই আমাদের মূল দর্শন।”
আগামীর স্বপ্ন তুলে ধরে তিনি আরও বলেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জকে একটি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি একটি নিরাপদ ও স্বপ্নের রূপগঞ্জ উপহার দেব, যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার ও সুচিকিৎসা পাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চুসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিনসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
তীব্র শীত উপেক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রূপগঞ্জের সাধারণ মানুষ। এলাকাবাসীর মতে, নির্বাচনের এই ব্যস্ত সময়ে এমন মানবিক উদ্যোগ সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন