জামালপুর-৩ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী মোস্তাফিজুর রহমান বাবুল
জামালপুর-৩ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী মোস্তাফিজুর রহমান বাবুল
হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে বিজয় অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, জামালপুর-৩ আসনের ১৫৪টি ভোটকেন্দ্র ও একটি পোস্টাল ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান বাবুল মোট ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।
ফলাফলের হিসাব অনুযায়ী, মোস্তাফিজুর রহমান বাবুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোট বেশি পেয়ে বিশাল ব্যবধানে জয় লাভ করেন, যা এই আসনে একটি উল্লেখযোগ্য বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণের দিন মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা শেষে ফলাফল সংগ্রহ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫০৪ জন। এবারের নির্বাচনে এই আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ঘোষণা করা ফলাফলটি বেসরকারি; নির্বাচন কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন