রূপগঞ্জে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
রূপগঞ্জে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত দুদিনে র্যাব-১১ এবং থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সর্বমোট ১১৩ কেজি গাঁজা এবং ৫২৬ বোতল নিষিদ্ধ মাদক ‘স্কাফ’ জব্দ করা হয়। তবে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রূপগঞ্জ থানার তিনজন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) রাতে র্যাব-১১-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় অভিযান চালায়। সেখানে জনৈক হাবিবুল্লাহর মালিকানাধীন একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই সূত্রে আরও জানা যায়, রবিবার (১৫ মার্চ) ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকায় পুলিশ ও স্থানীয় জনতা সমন্বিতভাবে আরও একটি বড় ধরনের অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৬০ কেজি গাঁজা, ৪৫০ বোতল স্কাফ, মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় কুখ্যাত মাদক সম্রাট আবু হানিফ ও তার এক সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুল্লাহ ও নাদিরুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর বিশেষ নির্দেশনা এবং সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণে এই বিশাল সাফল্য এসেছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের কোনো সদস্যের অপরাধমূলক কর্মকাণ্ডে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন