রূপগঞ্জের শিক্ষা প্রসারের অগ্রপথিক দিপু ভূঁইয়াকে মুড়াপাড়া কলেজ পরিবারের সংবর্ধনা
রূপগঞ্জের শিক্ষা প্রসারের অগ্রপথিক দিপু ভূঁইয়াকে মুড়াপাড়া কলেজ পরিবারের সংবর্ধনা
মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে একরাশ ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে সরকারি মুড়াপাড়া কলেজ পরিবার।
বুধবার (১লা এপ্রিল) দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এই শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের একটি প্রতিনিধি দল তাঁকে অভিনন্দন জানাতে সেখানে উপস্থিত হন।
পুষ্পস্তবক অর্পণকালে বাসভবন প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় অভিভাবককে কাছে পেয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, “রূপগঞ্জের শিক্ষা ও সংস্কৃতির আমূল পরিবর্তনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সবসময়ই নিবেদিতপ্রাণ। আমাদের ঐতিহ্যের ধারক সরকারি মুড়াপাড়া কলেজের প্রতি তাঁর এই আন্তরিকতা আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা যোগায়। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক সাফল্য কামনা করছি।”
কলেজ পরিবারের এই ভালোবাসায় সিক্ত হয়ে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলাই আমার অন্যতম লক্ষ্য। সরকারি মুড়াপাড়া কলেজসহ এই অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে থাকবো।”
শুভেচ্ছা প্রদানকালে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন