নতুন শিল্পায়ন ও লাখো তরুণের কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের;
নতুন শিল্পায়ন ও লাখো তরুণের কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের;
রূপগঞ্জে ভোর রাতেও নেতাকে দেখতে সাধারণ মানুষের ঢল
মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে দলের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেছেন। শুক্রবার(২৩-জানুয়ারী) ভোর (৪) চারটায় আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই সভায় তিনি বেকার তরুণদের কর্মসংস্থান এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন। তারেক রহমান জনসভায় বলেন যে রাষ্ট্র পুনর্গঠন ও মেরামত করতে হলে শুধু গার্মেন্টস শিল্পের ওপর নির্ভর করলে চলবে না। বিএনপি ক্ষমতায় এলে দেশজুড়ে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করা হবে। লাখ লাখ বেকার তরুণ ও যুবকের কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিশেষ করে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে উচ্চ আয়ের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে দলের। এছাড়া দরিদ্র ও অভাবী পরিবারগুলোর সহায়তায় ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য সার, বীজ ও বিমাসুবিধা সম্বলিত কৃষক কার্ড চালুর কথা জানান তিনি।
জনসভা শেষে ঢাকায় ফেরার পথে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সন্ধ্যা থেকেই গাউছিয়া চত্বরে ভিড় জমান হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোর ৫টায় তারেক রহমানের গাড়িবহর সেখানে পৌঁছালে অপেক্ষমাণ জনতা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। সাধারণ মানুষের এমন ভালোবাসায় সিক্ত হয়ে তিনি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। বক্তব্যে তারেক রহমান আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে বলেন। তিনি জানান যে একটি বিশেষ গোষ্ঠী সাধারণ মানুষের এনআইডি ও তথ্য সংগ্রহ করে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রবাসীদের ব্যালট দখলের পাঁয়তারা ও ভোট চুরির চেষ্টার বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন যে সব ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে।
জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় তারেক রহমানের আগে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মনির হোসেন কাসেমী। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ এবং যুবদলের সভাপতি মেহেদী আমান মুন্না জনসভায় বক্তব্য দেন। সিলেট থেকে শুরু হওয়া বিএনপির এই নির্বাচনী প্রচারণার শেষ জনসভা ছিল এটি যেখানে অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন