গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ব্যবসায়ীকে জরিমানা ও ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ব্যবসায়ীকে জরিমানা ও ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ
মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৫১০ লিটার জ্বালানি তেল ডিজেল মজুদ রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করে কৃষকদের মাঝে বিক্রি করে দেয়া হয়।
সোমবার (৩০ মার্চ) জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ অভিযান পরিচালনা করেন এবং দুই ব্যবসায়ীকে জরিমানা করেন।
জরিমানা করা দুই ব্যবসায়ী হলেন- কাশিয়ানী উপজেলার দহিসারা গ্রামের ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা (৬০) ও একই গ্রামের রবিউল ইসলাম (২৯)।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদ পায় গোয়েন্দা সংস্থা এনএসআই। পরে এনএসআই সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে মজুদ করা ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে মো. আলমগীর মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান ওই ব্যবসায়ী।
অপরদিকে, একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানিয়েছেন, জব্দ করা জ্বালানি তেল পরে আগ্রহী কৃষকদের মাঝে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। অভিযানকালে এনএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন