রূপগঞ্জে ভোটের মাঠ তপ্ত: ধানের শীষ ও দাঁড়িপাল্লার লড়াইয়ে ৭ প্রার্থী
মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজল শিল্পাঞ্চল রূপগঞ্জে। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রতীক পেলেন সাত প্রার্থী।গতকাল বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের হাত থেকে প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক গ্রহণ করেন।
এবারের নির্বাচনে সবার নজর কেড়েছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের ফিরে আসা। বিএনপির হেভিওয়েট প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ‘ধানের শীষ’ নিয়ে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই দুই ঐতিহ্যবাহী প্রতীকের মুখোমুখি লড়াই রূপগঞ্জের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
নির্বাচনী সমীকরণে বড় চমক হিসেবে থাকছেন স্বতন্ত্র প্রার্থী ও যুবদল নেতা মো. দুলাল, যিনি জাহাজ প্রতীক নিয়ে ভোটের সাগরে জয়ের স্বপ্ন দেখছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ হাতপাখা, সিপিবির মনিরুজ্জামান চন্দন কাস্তে, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দের পরপরই রূপগঞ্জের অলিগলি আর চায়ের দোকানে শুরু হয়েছে নতুন নির্বাচনী আলাপ। রিটার্নিং কর্মকর্তা শান্তিপূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিলেও, মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ধানের শীষের হারানো দুর্গ পুনরুদ্ধার নাকি দাঁড়িপাল্লার নতুন মেরুকরণ—কে হাসবে শেষ হাসি, তা দেখতে এখন মুখিয়ে আছে রূপগঞ্জবাসী।
তারিখঃ ২২-০১-২০২৬
মোবাইলঃ ০১৯১৩৬৪৩৮৭৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ৯:৪৭ অপরাহ্ণ