রূপগঞ্জে জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার গণসংযোগ ও লিফলেট বিতরণ
মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রূপগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন থেকে শুরু হওয়া এই কর্মসূচি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় গিয়ে সমাপ্ত হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং তাদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা। কর্মসূচিতে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
গণসংযোগকালে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার সাথে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা উত্তর আমির আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম এবং রূপগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক দুলাল।
অন্যান্যদের মধ্যে আরও অংশগ্রহণ করেন সেক্রেটারি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন আবু তাহের, মাহবুবুর রহমান রাশেদ, শহিদুল হক, রাকিব ও বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। গণসংযোগ চলাকালীন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী নির্বাচনী প্রতিশ্রুতি দেন এবং দেশের কল্যাণে ১০ দল সমর্থিত প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ১২:৪২ পূর্বাহ্ণ