ইসি’র ‘অদৃশ্য হস্তক্ষেপে’ নিবন্ধন বঞ্চিত করার অভিযোগ: আমজনগণ পার্টির সংবাদ সম্মেলন
মোঃ রাশেদুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ নির্বাচন কমিশনের অপেশাদারিত্ব, সীমাহীন অবহেলা ও স্বেচ্ছাচারী আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব ফাতেমা তাসনিম লিখিত বক্তব্যের মাধ্যমে কমিশনের বিরুদ্ধে অসহযোগিতা ও রহস্যজনক সময়ক্ষেপণের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, গত জুলাই অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গত বছরের ১৭ এপ্রিল দলটির আত্মপ্রকাশ ঘটলেও শুরু থেকেই কমিশন তাদের নিবন্ধনের ক্ষেত্রে নানামুখী প্রতিবন্ধকতা তৈরি করছে।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২২ জুন সকল শর্ত পূরণ করে ৫১ হাজার পৃষ্ঠার বিশাল আবেদনপত্র জমা দেওয়া হলেও মাঠ পর্যায়ের তদন্তে সব সঠিক পাওয়ার পর কমিশন রহস্যজনকভাবে ‘অধিকতর পর্যালোচনা’র কথা বলে সময়ক্ষেপণ শুরু করে। পরবর্তী ধাপে এনআইডি যাচাইয়ের পাশাপাশি জমির দলিল ও পর্চার মতো নজিরবিহীন শর্ত জুড়ে দিয়ে নেতাকর্মীদের চরম হয়রানি করা হয়, যা আগে কোনো নতুন দলের ক্ষেত্রে করা হয়নি। ফাতেমা তাসনিম অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন ৩টি দলকে নিবন্ধন দেওয়ার কথা বলে শেষ মুহূর্তে আমজনগণ পার্টিকে বাদ রেখে মাত্র দুটি দলকে চূড়ান্ত নিবন্ধন দেয়। এমনকি গত ১ ডিসেম্বর আইন ও বিধির তোয়াক্কা না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা দিয়ে দলটির বিষয়ে তদন্ত করানো হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ও অপমানজনক ঘটনা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিবাচক প্রতিবেদন সত্ত্বেও কমিশন নানা ব্যাখ্যা চেয়ে ৯ দিন ধরে কোনো সিদ্ধান্ত না দিয়ে বসে আছে। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, কমিশন আমজনগণ পার্টিকে অংশগ্রহণমূলক নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায় এবং অতীতের স্বৈরাচারী শাসনের মতোই পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়, সারাদেশে বর্তমানে তাদের ১২৭টি কার্যালয় এবং প্রায় ২৫ হাজার তালিকাভুক্ত সদস্য থাকলেও অদৃশ্য কোনো হস্তক্ষেপে প্রধান নির্বাচন কমিশনার ও সচিব তাদের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করছেন না। অবিলম্বে এই জটিলতা কাটিয়ে নিবন্ধন সনদ প্রদানের জন্য দলটি স্বরাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

মোঃ রাশেদুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ৫:৪৭ অপরাহ্ণ