রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় হামলা: পল্লী বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে জখম
মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি প্রচারণামূলক লিফলেট বিতরণকালে পল্লী বিদ্যুতের কর্মচারী জাহিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা মোড়ে স্থানীয় যুবদল নেতা রতন, নোরা ও বারেকের নেতৃত্বে একদল যুবক এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদ ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিলি করার সময় হামলাকারীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে তারা জাহিদের কাছে থাকা বিপুল পরিমাণ লিফলেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং তাকে এলাকা ছাড়ার হুমকি দেয়।
ভুক্তভোগী জাহিদ জানান, সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ করে তার কলার চেপে ধরে হামলাকারীরা প্রচারণায় বাধা দেয়। এ বিষয়ে পূর্বাচল পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মনির হোসেন তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাঠ পর্যায়ের কর্মীর ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; আমরা প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনার কথা শুনেছি এবং লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ৯:৫০ অপরাহ্ণ