​রূপগঞ্জে দীপু ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ: ‘ক্ষমতায় গেলে গ্যাস ও প্রিপেইড মিটার সমস্যার সমাধান হবে’

​মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ । ১০:২০ অপরাহ্ণ

​রূপগঞ্জে দীপু ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ: ‘ক্ষমতায় গেলে গ্যাস ও প্রিপেইড মিটার সমস্যার সমাধান হবে’

​মোঃ রাশেদুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে দিনভর ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ১০টি পৃথক স্থানে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। প্রচারণাকালে তার সঙ্গে রূপগঞ্জ উপজেলা ও জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
​গণসংযোগকালে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তাঁর বক্তব্যে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা হলো আগামীর সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা। এই লক্ষ্য বাস্তবায়নে এবং বিগত দিনের ফ্যাসিবাদী শাসনের জবাব দিতে তিনি ভোটারদের দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি স্থানীয় সমস্যার সমাধানের ওপর জোর দিয়ে প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে দাউদপুর এলাকায় দীর্ঘদিনের দাবি অনুযায়ী বৈধভাবে গ্যাসের ব্যবস্থা করা হবে। এছাড়া বর্তমানে বিদ্যুতের প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কেটে নেওয়ার যে ভোগান্তি সাধারণ মানুষ পোহাচ্ছে, তার নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কঠোর আশ্বাস দেন তিনি।
​নির্বাচনী এই কর্মসূচিতে দীপু ভূঁইয়ার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু। এছাড়া আরও অংশ নেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার এবং কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ। দিনব্যাপী এই প্রচারণা দাউদপুরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রিন্ট করুন