বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বনজ সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়।
২৯ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় সকাল আনুমানিক ৯টা থেকে অধীনস্থ রিভারঘাট পোস্টের একটি টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. রুস্তম আলীর নেতৃত্বে টহল দলটি বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় আশপাশে কোনো বৈধ মালিক বা সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়া না যাওয়ায় কাঠগুলো জব্দ করা হয়। জব্দকৃত সেগুন কাঠের মোট পরিমাণ ১৯৬ দশমিক ৬৯ ঘনফুট এবং এর আনুমানিক বাজারমূল্য বা সিজার মূল্য ৮ লাখ ৪৫ হাজার ৭৬৭ টাকা।
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সেগুন কাঠগুলো পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুত রাখা হয়েছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাঠগুলো ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও অবৈধ বনজ সম্পদ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। এ কারণে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, দেশের বনজ সম্পদ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত সেগুন কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ অথবা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ৩:৪৯ অপরাহ্ণ