চাঁপাইনবাবগঞ্জে ১০৫ দফা ইশতেহার ঘোষনা করেছেন জামায়াত প্রার্থী বুলবুল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল পদ্মা নদীর তীরে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবী ঘাট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলাবাসীর জন্য ১০৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
এ সময় ইশতেহার ঘোষণার প্রথমেই নূরুল ইসলাম বুলবুল তথ্য প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দারিদ্রতা দূরীকরণ, তরুন যুবক ও নারীদের জন্য কারিগরী শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ, শিল্প-কারখানা ও ইপিজেড নির্মাণ, শ্রমিকের নায্য মুজুরি নিশ্চিতকরণসহ পানি ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এছাড়াও জনগনের প্রত্যক্ষ ভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সদর উপজেলাবাসীর সেবা করার সুযোগ পেলে অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙ্গণ রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ তিন মাসের মধ্যে সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর গঠন, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত উন্নত, বাসযোগ্য, সম্ভাবনাময় চাঁপাইনবাবগঞ্জ জেলায় রুপান্তরের অঙ্গিকার ব্যক্ত করে ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল।
জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুলের ইশতেহার ঘোষণার সময়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ অধ্যাপক লতিফুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সেক্রেটারি আবু বকর, পৌর জামায়াতের আমীর গোলাম রাব্বানী, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিমসহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কৃষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, আলেম-ওলামা, হিন্দু ধর্মালম্বী জনগোষ্ঠী, সংস্কৃতি কর্মী, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, প্রবাসী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শ্রমিক, ছাত্র সংসদের প্রতিনিধি ও ভাঙ্গণ কবলিত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। ###
এস এম সাখাওয়াত জামিল দোলন
০১৭১৩৭৭৪৪৪৫
৩০. ০১. ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ । ৯:০৫ অপরাহ্ণ