শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: মামা-ভাগিনা আটক
শ্রীপুর থেকে নিজস্ব প্রতিবেদক নূর মোহাম্মদ জয়ের রিপোর্টে বিস্তারিত
গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা সম্পর্কে মামা ও ভাগিনা। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার গিলারচালা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি সংলগ্ন জমজম কারওয়াশের পেছনে ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্তরা শিশুটিকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্ত মামা ও ভাগিনাকে হাতেনাতে ধরে আটকে রাখে।
খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুইজনকে হেফাজতে নেয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
শ্রীপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই ন্যক্কারজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীপুর থেকে নিজস্ব প্রতিবেদক নূর মোহাম্মদ জয়ের রিপোর্টে বিস্তারিত
প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৩৭ পূর্বাহ্ণ