রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক
মোঃ রাশেদুল ইসলাম , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট এই সফল অভিযান পরিচালনা করে।
আটককৃত সন্ত্রাসীরা হলেন—ভুলতা এলাকার হারুন মিয়ার ছেলে কাওসার (২৭) এবং সীতারাম দাশের ছেলে শ্রী রবি দাশ (৩৮)। সেনাবাহিনী জানায়, তারা উভয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত অপরাধী এবং দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অভিযান চলাকালীন সন্ত্রাসীদের আস্তানা থেকে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি ওয়ান শুটার গান, ১টি ডামি পিস্তল এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আসামিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, সেনাবাহিনীর একটি চৌকস দল অত্যন্ত সফল এই অভিযানটি পরিচালনা করেছে। ভোরে আসামিদের উদ্ধারকৃত অস্ত্রসহ থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে।
মোবাইলঃ ০১৯১৩৬৪৩৮৭৩

মোঃ রাশেদুল ইসলাম , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৫৪ অপরাহ্ণ