মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ২০
হৃদয় হাসান
মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কডুইচুড়া ইউনিয়নের বাগরেরগড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, দীর্ঘ দিন থেকে ৬০ শতাংশ সরকারি খাস জমি নিয়ে বাগরেরগড় এলাকার মামরুল ও বিলেত আলীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। পরে আজ (সোমবার) দুপুরে দুই পক্ষ সেই জমিতে গিয়ে অবস্থান নেয়। এসময় কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ লাঠি-শোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর)প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:১৭ অপরাহ্ণ