​রূপগঞ্জে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

​মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ), রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৫৯ অপরাহ্ণ

​
​রূপগঞ্জে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

​মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ), রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

​নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পুরো জনপদ।
এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সামনে উৎসবমুখর পরিবেশে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উপস্থিতিতে ধানের শীষ প্রতীকের একটি বর্ণাঢ্য নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
​রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও রূপগঞ্জ আসনের কাণ্ডারি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
উদ্বোধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​উদ্বোধনী বক্তব্যে নেতাকর্মীদের ভিড় আর সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “তৃণমূলের এই স্বতঃস্ফূর্ত জাগরণই বলে দিচ্ছে রূপগঞ্জের মানুষ আজ পরিবর্তনের জন্য কতটা উন্মুখ। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি। এই কার্যালয়টি কেবল প্রচারের জায়গা নয়, বরং আগামী দিনের বিজয় অর্জনের মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। আমরা প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেব এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনব।”

​উদ্বোধনী অনুষ্ঠানে এক মিলনমেলায় পরিণত হয় কায়েতপাড়া এলাকা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজপথের লড়াকু নেতা আলহাজ্ব গোলাম ফারুক খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন, প্রজন্ম ৭১-এর জাকারিয়া বাবলা এবং সাবেক সহসভাপতি ছাত্রদল, জবি ও রূপগঞ্জ উপজেলার প্রজন্ম৭১ যুগ্ন আহ্বায়ক মোঃ আতিকুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
​কার্যালয় উদ্বোধন শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। স্থানীয় নেতাকর্মীদের দাবি, এই কার্যালয়টি চালুর ফলে নির্বাচনী প্রচারণায় অভূতপূর্ব গতি সঞ্চার হয়েছে এবং তারা বিশ্বাস করেন, ভোটের লড়াইয়ে রূপগঞ্জে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

প্রিন্ট করুন