রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ কক্ষ ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মোঃ রাশেদুল ইসলাম , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে তারাবো পৌরসভার বরপা এলাকার ‘মাদ্রাসায়ে নুরে মদীনা’ নামক প্রতিষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। আগুনে মাদ্রাসার লাইব্রেরী ও শ্রেণিকক্ষসহ অন্তত ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। সে সময় মাদ্রাসার ভেতরে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংবাদ পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ দাবি করেছেন, আগুনে মাদ্রাসার লাইব্রেরীতে থাকা মূল্যবান কিতাব, বই, বিপুল সংখ্যক টেবিল, চেয়ার ও ফ্যানসহ ১০টি কক্ষ পুড়ে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোঃ রাশেদুল ইসলাম , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৪৮ অপরাহ্ণ