রূপগঞ্জে পরিবর্তনের জোয়ার: ইনসাফ কায়েমের অঙ্গীকারে আনোয়ার হোসেন মোল্লার বিশাল গণমিছিল
মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ), রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গতানুগতিক রাজনীতির ধারা বদলে এক নতুন ভোরের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জের রাজপথে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে জনসমুদ্রের ঢেউ নামে। রূপগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই বিশাল গণমিছিলটি উপজেলার সাওঘাট গোল চত্বর থেকে শুরু হয়ে মঙ্গলখালী হয়ে মুড়াপাড়া বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের গগণবিদারী স্লোগান আর উদ্দীপনা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
পথসভায় বক্তারা এক সুরে বলেন, রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি আর ভূমিদস্যুদের অভয়ারণ্য থেকে মুক্ত করার সময় এসেছে। তারা দাবি করেন, সাধারণ মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে এবং সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে আনোয়ার হোসেন মোল্লার মতো পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। বক্তাদের মতে, ‘দাঁড়িপাল্লা’ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি শোষিত মানুষের মুক্তি ও ইনসাফের প্রতীক।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, “আমরা ক্ষমতার মোহ নিয়ে নয়, বরং জনগণের খাদেম হিসেবে কাজ করতে চাই। রূপগঞ্জের মাটিতে ইনসাফ কায়েমের লড়াইয়ে আনোয়ার হোসেন মোল্লা দীর্ঘকাল রাজপথে অবিচল রয়েছেন। ইনশাআল্লাহ, আপনাদের মূল্যবান ভোটে জয়ী হয়ে তিনি সংসদকে জনগণের আস্থার কেন্দ্রে পরিণত করবেন।”
গণমিছিল ও পথসভায় প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন এবং উপজেলা দক্ষিণ শাখার আমির সাইফুল ইসলাম সিরাজীসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে এই বিশাল শোডাউন আগামী নির্বাচনে রূপগঞ্জে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ), রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৩৪ অপরাহ্ণ