বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত

মোঃ রবিউল ইসলাম ,বেরোবি
প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৩০ অপরাহ্ণ

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত

মোঃ রবিউল ইসলাম ,বেরোবি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য
মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শোক র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিতে বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপাচার্যের নেতৃত্বে বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউট ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেক শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন জাতির জাতীয়তাবাদী চেতনার ভিত্তি রচনা করেছে। ভাষা শহিদদের আত্মত্যাগ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীনতা ও আত্মমর্যাদার সংগ্রামকে বেগবান করেছে। বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি জাতির জন্য গর্বের বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন কমিটির আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান। সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

প্রিন্ট করুন