​অমর একুশের চেতনায় রূপগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

​মোঃ রাশেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৩৩ অপরাহ্ণ

​
​অমর একুশের চেতনায় রূপগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

​মোঃ রাশেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর শোকাবহ পরিবেশে রূপগঞ্জে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিচিত্র সব কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধাঞ্জলি। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। এসময় ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
​পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বায়ান্নর সেই রক্তঝরা পথ ধরেই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। ভাষা শহীদদের আত্মত্যাগ কেবল ইতিহাসের পাতায় নয়, আমাদের প্রতিটি কাজে প্রেরণা হয়ে থাকুক। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের অবিনাশী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের সাথে সোনার বাংলা গড়তে সচেষ্ট হতে হবে।

​উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের সুদীর্ঘ ইতিহাস ও মহান একুশের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাতৃভাষার সুরক্ষা ও এর সঠিক চর্চা নিশ্চিত করাই হোক আজকের দিনের মূল অঙ্গীকার।

​এদিকে, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। সকালে প্রভাতফেরি শেষে কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের মাঝে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের শ্রদ্ধাপূর্ণ উপস্থিতিতে পুরো রূপগঞ্জ জুড়ে এক আবেগঘন ও গৌরবময় পরিবেশের সৃষ্টি হয়।
​

প্রিন্ট করুন