প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১

‎মোঃ আরিফ হোসেন। নোয়াখালী প্রতিনিধি।
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৩৯ পূর্বাহ্ণ

প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১
‎
‎মোঃ আরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।
‎
নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
‎
‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
‎
‎গ্রেপ্তার ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে।
‎
‎অভিযান সূত্রে জানা যায়, সোমবার সকাল পোনে ৮টার দিকে উপজেলার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন ও একটি নকিয়া ব্র্যান্ডের দুই সিমযুক্ত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন