মানিকগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা
আব্দুল গফুর খান, মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমির উর্বর মাটির স্তর (টপসয়েল) অবৈধভাবে কাটার অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার বলধারা ইউনিয়নের চর মগড়া ও সাপের ভিটা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানকালে দুই স্থানে চলমান মাটিকাটা কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মাটিকাটার কাজে ব্যবহৃত দুটি এক্সাভেটর অকার্যকর করা হয়।
পরে একই ইউনিয়নের আরও কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ মাটিকাটা বন্ধে সতর্ক করা হয়।
এ বিষয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. হাবেল উদ্দিন গণমাধ্যমকে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দায়ের করা একটি মামলায় মো. জিয়াউর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কৃষিজমির উর্বরতা রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কৃষিজমির টপসয়েল নির্বিচারে কেটে নেওয়া হলে দীর্ঘমেয়াদে জমির উৎপাদন হ্রাস এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। তাই কঠোর আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা বাড়ানোও জরুরি বলে মনে করেন সচেতন মহল।

আব্দুল গফুর খান, মানিকগঞ্জ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৫৩ অপরাহ্ণ