জামালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
জামালপুরের মেলান্দহ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর শহরের মিয়ারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর মোটরসাইকেলচালক সামান্য আহত হয়েছেন।
নিহতরা হলেন মেলান্দহ উপজেলার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) এবং তাঁর ভাতিজা আকাশ (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারের একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কাজল ও আকাশ। পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত কাজলকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হৃদয় হাসান জামালপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ । ১১:২৯ অপরাহ্ণ