- দেশজুড়ে বেপোরোয়া বাইকারদের উৎপাত, কাচারিঘাটে ধাক্কায় পথচারী মৃত্যুশয্যায়; নিসআ’র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ নগরীর ব্যস্ততম কাচারিঘাট এলাকায় কিছুক্ষণ আগে এক বেপরোয়া বাইকারের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমের নাম-পরিচয় জানা যায়নি। বাইকারের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বেপরোয়া বাইকারদের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে। হাসপাতাল ও ট্রমা সেন্টার সংশ্লিষ্টদের দাবি, সড়ক দুর্ঘটনায় আহতদের একটি বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।
অতিরিক্ত গতি, সড়কে রেসিং এবং স্টান্টবাজির মতো ঝুঁকিপূর্ণ প্রবণতা ক্রমেই বাড়ছে। তবে এসব নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে।
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর ময়মনসিংহ সদর শাখার সভাপতি দেবদূত কর তীর্থ বলেন, “শহরসহ দেশব্যাপী বেপরোয়া বাইকারদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। তাদের অনেকেরই বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নেই।প্রতিযোগিতামূলক গতিতে চালিয়ে তারা নিজেরা যেমন দুর্ঘটনায় জড়াচ্ছে, তেমনি সাধারণ পথচারীদেরও ঝুঁকিতে ফেলছে। এছাড়া সাইলেন্সার পরিবর্তনের মাধ্যমে তারা তীব্র শব্দদূষণও সৃষ্টি করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ । ৩:০৯ অপরাহ্ণ