রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকাণ্ড: দগ্ধ ছেলের মৃত্যু
মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিধবা মায়ের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছেলে আনোয়ার হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার হোসেন উপজেলার তারাব পৌরসভার বরপা কেরামবোর্ডের মোড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ‘মিতালি পরিবহন’ নামক একটি বাস সার্ভিসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বরপা কেরামবোর্ডের মোড় এলাকায় মনোয়ারা বেগমের বসতবাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা আনোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজধানীর বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
আগুনে ওই বিধবার বসতঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বরপা কবরস্থানে জানাজা শেষে নিহতের মরদেহ দাফন করা হয়েছে। একজন কর্মঠ যুবককে হারিয়ে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Rashedul Islam Rashed
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ৪:০০ অপরাহ্ণ