খুলনায় যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদ (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ব্যক্তিদের গ্রেফতারসহ সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তারা কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে র্যাব-৬ এর সিপিএসসি, সিপিসি-২ এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার মোহাম্মদপুর থানার ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে বাকা মাসুদকে গ্রেফতার করে। সে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মুরাদ খাঁ (৪২) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় নেতা ছিলেন। পূর্ব বিরোধের জেরে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে দিঘলিয়ার একটি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

Fahim Islam
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৬:৩১ পূর্বাহ্ণ